সোমবার রাতে ভিকারুননিসা স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
তিনি বলেন, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মুরাদকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগ অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যের আরেকটি কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়েছে।
.png)
সভায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, সব সদস্য, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার, এডিসি (শিক্ষা ও আইসিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্ত করে তিন সদস্যের একটি কমিটি। ঐ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এরপর ঐ শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হলো।
এর আগে শিক্ষার্থী ও অভিভাবকরা গত রোববার সকাল সাড়ে ১১টায় মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়।