এই সমস্যার সমাধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে বইয়ের বিনিময়ে বই উৎসব। যেখান থেকে শিক্ষার্থীরা নিজের পঠিত বই বিনিময় করে সমমান ও সমমূল্যের অন্য বই নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের মুক্তমঞ্চে ‘অদম্য-১৯’ নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করেছে। যার স্থানীয় সার্বিক সহযোগিতায় কাজ করছেন সমাজবিজ্ঞান বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীরা।
.png)
সরেজমিনে দেখা যায়, মুক্তমঞ্চ প্রাঙ্গণে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বই। চাকরি ও অ্যাকাডেমিক বই বাদে সাহিত্য সম্পর্কিত প্রায় এক হাজারেরও উপরে বই রয়েছে সেখানে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন নিজের কাছে থাকা বই বিনিময় করে পছন্দের অন্য বই সংগ্রহ করতে।
_1708331977.jpg)
অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী গোলাপি আক্তার বলেন, মূলত এই মেলায় এসেছি বই বিনিময় করে নতুন বই নেওয়ার উদ্দেশ্যে। আমার কাছে যে বইগুলো ছিল সেগুলো পড়া শেষ। সেই বইগুলোর বিনিময়ে অন্য বই নিয়ে পড়তে পারব, নতুন করে জানতে পারব। তাহলে নতুন করে কেনার প্রয়োজন হচ্ছে না।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী আজম বলেন, নিজের পাঠ করা শেষ এমন কয়েকটি বই নিয়ে এসেছি। সেগুলো বিনিময় করে পছন্দের কিছু বই নিতে পারব। এ ধরনের আয়োজন বই প্রেমীদের জন্য অনেক উপকারী। অনেক সময় টাকার সংকটে প্রিয় লেখকের বই কেনা সম্ভব হয়ে ওঠে না। এমন আয়োজনে পড়া শেষ এ ধরনের বই বিনিময় করে অন্য বই নিতে পারছি।
এমন আয়োজনের কারণ সম্পর্কে জানতে কথা হয় ব্যাচের শিক্ষার্থী সাগর ইসলামের সঙ্গে। এই শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের বইমুখী করে তোলা এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একজন শিক্ষার্থীর কাছে যদি ১০টা বই থেকে থাকে তার সেই বইগুলো অন্যরাও যেন পড়ার সুযোগ পায় এবং ঐ শিক্ষার্থী যেন তার পাঠ করা বই বিনিময় করে সমমান ও সমমূল্যের আরো কয়েকটি বই সংগ্রহ করে পড়ার সুযোগ পায়।

আয়োজক ব্যাচের আরেক শিক্ষার্থী শোয়েব উল হাসান বলেন, ইতিবাচক চিন্তার জায়গা থেকে এই ধরনের আয়োজন। সাহিত্যের প্রায় সব ধরনের বই বিনিময় করে সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন বই সংগ্রহ করে সেগুলো পড়ার সুযোগ পাবে।
‘অদম্য-১৯’ সংগঠনের সহযোগী প্রতিষ্ঠাতা তায়েব মৃধা। যিনি বর্তমানে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তরুণদের দ্বারা পরিচালিত একটি সংগঠন এটি। যা ঢাকা থেকে পরিচালিত হয়। দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করা হয়। পাঠক তৈরি করা সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি বইয়ের বিনিময়ে বই এই কালচারটা আমাদের দেশে পরিচিতি পাওয়ানো। যার মাধ্যমে পাঠক উপকৃত হবেন।