মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রশাসন ক্যাডারে ২৮তম হয়েছেন পল্লব বসু। এমন ঘটনায় এক সপ্তাহ পর সেই শোক যেন আরো গাঢ় হলো। এবার পল্লবের জন্য কাঁদছেন নেটিজেনরাও।
জানা গেছে, পল্লব ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়ে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। ৪১তম বিসিএসে ফুড ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। সবশেষ ৪৩তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন পল্লব। তবে ফল প্রকাশের পূর্বেই না ফেরার দেশে পারি জমান পল্লব।
.png)
পল্লবের সহকর্মীরা জানান, পল্লব খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখান থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্নাতকোত্তর শেষ করেন। গত ২০ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পল্লব বসুর প্রশাসন ক্যাডারে ২৮তম হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তার সহকর্মী রহিম রানা। ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন, আমাদের পল্লব বসু বাপ্পি ৪৩তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারে ২৮তম হয়েছে। তার রেজাল্ট দেখে আমাদের বুকটা ফেটে যাচ্ছে।