ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিঃসঙ্গদের সঙ্গ দিতে খুবিতে তৈরি হলো রোবট ‘জি’

খুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২৫ ডিসেম্বর ২০২৩
নিঃসঙ্গদের সঙ্গ দিতে খুবিতে তৈরি হলো রোবট ‘জি’
নিজেদের আবিষ্কৃত রোবট হাতে রহিত ও সামিয়া। ছবি: সংগৃহীত

বয়স্ক মানুষদের নিঃসঙ্গতায় সঙ্গ দেওয়ার পাশাপাশি বাচ্চাদের শিক্ষাদান ও ধর্মীয় শিক্ষায় ব্যবহার হবে ‘জি’ (Zee) নামের রোবটটি। সম্পূর্ণ ভয়েস (কনট্রোলড) নিয়ন্ত্রিত এমনই একটি রোবট তৈরি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী।

জানা যায়, খুবির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চিরঞ্জিত বিশ্বাস রহিত এবং সামিয়া ইন্তেসার এ রোবটটি তৈরি করেছেন। ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহ্সানের তত্ত্বাবধানে চতুর্থ বর্ষের গবেষণা প্রকল্প হিসেবে প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে এ রোবটটি তৈরি করেছেন তারা।  

উদ্ভাবকেরা জানান, রোবটটির সেন্টার প্রসেসর হিসেবে তারা জেটসন ন্যানো ব্যবহার করেছেন। মূলত তাদের প্রজেক্টটি ছিল—বয়স্ক ব্যক্তিদের নিঃসঙ্গতার সঙ্গী হতে পারবে এমন রোবট তৈরি করা। রোবটটি সম্পূর্ণ ভয়েস নিয়ন্ত্রিত। রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে পারে এবং প্রতি উত্তর দিতে পারে। এছাড়া রোবটটি মানুষের নির্দেশনা অনুযায়ী চলাচল করতে পারে, কথা বলতে পারে, গান শোনাতে পারে, যেকোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তথ্য জানাতে পারে। এছাড়া এটি বাচ্চাদের শিক্ষা দানের সহায়ক ও ধর্মীয় শিক্ষার জন্য ব্যবহার করা যাবে। প্রয়োজন অনুযায়ী এটি আপডেটও করা যাবে। 

Advertisement

উদ্ভাবক সামিয়া ইন্তেসার তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ড. মো. শামীম আহ্সান স্যারের নির্দেশনায় দীর্ঘ নয় মাসের পরিশ্রমের পর এ রোবটটি তৈরি করতে পেরেছি। রোবট নিয়ে কাজ করা সব সময় কৌতূহলপূর্ণ। আশা করছি, সামনে আরো ভালো কিছু করতে পারব।’

গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. শামীম আহ্সান বলেন, ‘বর্তমান বিশ্বে সবদিক বিবেচনা করলে রোবট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রোবট নিয়ে কাজ করা ব্যয়বহুল হওয়ায় এটি নিয়ে কাজ করা অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। তবুও আমরা চেষ্টা করেছি অল্প খরচে ভালো একটা প্রজেক্ট তৈরি করতে। এ রোবটটি যেমন বয়স্কদের নিঃসঙ্গতা কাটাতে ব্যবহার করা যাবে তেমন বাচ্চাদের শিক্ষাতেও ব্যবহার করা যাবে।’ 
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: খুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!