ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবির দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক সেমিনার

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১৬ অক্টোবর ২০২৩
চবির দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক সেমিনার
ছবি: ডেইলি বাংলাদেশ

হাঁটি হাঁটি পা পা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দর্শন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর)  ‘Philosophy: Now and Here’ প্রতিপাদ্যকে ধারণ করে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ১৯৭৩ সালের ১ জুলাই যাত্রা শুরু হয় দর্শন বিভাগের। যার প্রতিষ্ঠাতা সভাপতি হলেন ড. এম মিজানুর রহমান। ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষে অনার্স প্রোগ্রামে ১৮জন শিক্ষার্থী এবং একই শিক্ষাবর্ষে এমএ প্রিলিমিনারি প্রোগ্রামে সাতজন শিক্ষার্থী ভর্তি হন। পরবর্তীতে বিভাগে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম শুরু হয়। 

Advertisement

বর্তমানে চবির দর্শন বিভাগের অনার্স, মাস্টার্সসহ এমফিল ও পিএইচডি প্রোগ্রামে প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। পাঁচ দশকের পথচলায় প্রায় চার হাজার শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা শেষ করেছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই জ্ঞান আহরণ ও চর্চা, জ্ঞানের উৎকর্ষ সাধন, গবেষণা এবং শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির ক্ষেত্রে এ বিভাগের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশবিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন এ বিভাগের গ্র্যাজুয়েটরা।

দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে মোট সাতটি অ্যাকাডেমিক সেশনে মূল প্রতিপাদ্যে পাঁচটি বিষয়বস্তুর ওপর মোট ৩৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। 

কোরিয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষক ছাড়াও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বানারসি হিন্দু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটিসহ আরো বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে গবেষকরা এই কনফারেন্সে যোগ দেন। এছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপকরা কনফারেন্সে অংশ নেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ইউরোপীয় অধ্যাপকসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দুল মান্নানের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ। এ সময় মুখ্য আলোচক ছিলেন ভারতের কেরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জন ম্যাথিউ। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এটা সত্য-প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্পবিপ্লবের কোনো সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। তবে চলমান চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতাভিত্তিক ও প্রায়োগিক শিক্ষার ওপর সমধিক জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা চতুর্থ শিল্পবিপ্লবের সফল অংশীদারসহ চলমান উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় শামিল হতে পারে। একইসঙ্গে বর্তমান প্রজন্ম যাতে ভোগবাদে ক্লান্ত কিংবা বস্তুবাদে দিকভ্রান্ত হয়ে নীতিভ্রষ্ট না হয়, সেজন্য তাদের নৈতিকতা-মূল্যবোধ ও প্রযুক্তিবান্ধব শিক্ষার মাধ্যমে সৎ জীবনচর্চায় অনুপ্রাণিত করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!