ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবির পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থী নিহত

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১২ অক্টোবর ২০২৩
হাবিপ্রবির পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ পুকুরে দুই কলেজছাত্রী ডুবে যাওয়ার ঘটনায় প্রীতি নামের একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় অন্যজন চিকিৎসাধীন রয়েছেন। তারা উভয়েই দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী। 

দিনাজপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রীতির বাবার নাম মো. সাদেক আলী। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার বালুবাড়ী, গাউছিয়া গ্যারেজ এলাকায় বাস করতেন।

Advertisement

অপরদিকে চিকিৎসাধীন ছাত্রীর নাম নিপা। তিনি ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গাপাড়া (হাসপাতাল সংলগ্ন) এলাকায় মোস্তফার মেয়ে নিপা।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছেন। অপর শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। আমরা তাদের পরিবারকে অবগত করেছি। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, পুকুরে ডুবে যাওয়ার তথ্য পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকসহ তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!