ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খুবিতে দেড় কোটি টাকা অনুদান পেলেন ৩২ গবেষক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ৯ অক্টোবর ২০২৩
খুবিতে দেড় কোটি টাকা অনুদান পেলেন ৩২ গবেষক
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ৩২ গবেষকের গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এ সময় ড. মাহমুদ হোসেন বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন সবই আমরা ইতোমধ্যে অর্জন করেছি। এখন প্রয়োজন ভৌত অবকাঠামোর উন্নতি। কারণ, কোয়ালিটি এডুকেশন ও রিসার্চের জন্য কোয়ালিটি এনভায়রনমেন্ট ও ইকোসিস্টেম প্রয়োজন।

Advertisement

উপাচার্য আরো বলেন, গবেষণার জন্য সিনিয়র শিক্ষকদের পাশাপাশি আজ অনেক নবীন শিক্ষক অনুদান পেয়েছেন। এটা আমাকে অনুপ্রাণিত করেছে। এখানকার শিক্ষকরা গবেষণার জন্য যে নিবেদিত তা আবারো প্রমাণিত হলো। 

তিনি বলেন, গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের চিত্র অনেকটাই বদলে গেছে। আগামী দুই বছরে আরো দ্রুতগতিতে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয় দেখিয়েছে কীভাবে সবাই মিলে এগিয়ে যেতে হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, যুগ্ম পরিচালক অধ্যাপক ড. তরুণ কান্তি বোস। 

অনুদানপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য দেন, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আজাহারুল ইসলাম এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রভাষক আসমা চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

এর আগে ফিতা কেটে আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমের উদ্বোধন করেন উপাচার্য। গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. ইফতেখার শামস্ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!