বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের মধ্যে এই সহায়তা দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১২০ জন শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ চার হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণসহ সর্বমোট ছয় লাখ টাকার সহায়তা দেওয়া হয়।
.png)
বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক ও ময়মনসিংহ ক্যাডেট কলেজের শিক্ষক নাজমুল হোসেন জুন্নুনের সঞ্চালনায় এবং বোর্ড সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য বেণু কুমার দে।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, রেজিস্ট্রার, বিদ্যানন্দ ফাউন্ডেশন যাকাত বোর্ডের মেম্বার ড. মোরশেদুল হক, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ যে অনাড়ম্বর জীবন যাপন করেন সেটি আমাদের সবার জন্য অনুকরণীয়। তার গড়া ফাউন্ডেশন যেভাবে সমাজের সেবা করে যাচ্ছে সেখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি সব শিক্ষার্থীদের কিশোর কুমারের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের সেবা করার আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, আজ বিদ্যানন্দ যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তেমনি করে শিক্ষার্থীরাও দেশ গঠনে একে অপরের পাশে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনের অগ্রযাত্রায় শুভকামনা জানান।
শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিবছর বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে দেশব্যাপী কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে ও এই ধারা জেলা থেকে উপজেলায় অব্যাহত আছে।