ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পরীক্ষার দাবিতে রুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২২ জুলাই ২০২৩
পরীক্ষার দাবিতে রুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন
ছবি: ডেইলি বাংলাদেশ

পরীক্ষার দাবিতে আন্দোলন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৭ সিরিজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে এ আন্দোলন করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত রাখা হয়। সংশ্লিষ্টরা বলছেন, উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে নানা সংকট সৃষ্টি হয়েছে। 

শিক্ষার্থীরা জানান, একই সেশনে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যন্ত শেষ করেছে। অথচ আমরা এখন স্নাতক সম্মানই শেষ করতে পারলাম না। যথাসময়ে পরীক্ষা সম্পন্ন হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্টদের বারবার বলেও কোনো সমাধান হচ্ছে না। পরীক্ষা তারিখ দিলেও সেটা পিছিয়ে যাচ্ছি। তাই দ্রুত পরীক্ষার দাবিতে আমরা আন্দোলনে বসেছি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে শিক্ষকদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন। সেদিন পদন্নোতির দাবিতে উপাচার্যের দফতরে সামনে আন্দোলন করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক। সেদিনের পর থেকে উপাচার্যবিহীন নানা সংকটে চলছে এই বিশ্ববিদ্যালয়। ২০১৭-১৮ সেশনের স্নাতক শেষবর্ষের পরীক্ষা আরো আগে সম্পন্ন হওয়ার কথা কিন্তু নানা জটিলতায় সেটা বারবার পিছিয়েই যাচ্ছে। 

Advertisement

ফলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনে বসেন। পরে জরুরি সভায় দ্রুত পরীক্ষা গ্রহণের আলোচনা হয়। কয়েকদিনের মধ্যেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা কথা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা বলছেন, উপাচার্য না থাকায় দাফতরিক ও একাডেমিক কার্যক্রম থমকে আছে৷ বিশ্ববিদ্যালয়ে প্রকল্পসহ পরীক্ষা ও ফলাফল প্রস্তুতে ধীরগতি এবং শিক্ষকদের পদন্নোতির মতো নানা সংকট সৃষ্টি হয়েছে। এই সমস্যা দ্রুত সমাধান না হলে বিশ্ববিদ্যালয় বড় সংকটের মধ্যে পড়বে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম হোসাইন বলেন, শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে একটি জরুরি সভা হয়েছে। সেখানে দ্রুত পরীক্ষা গ্রহণে সিদ্ধান্ত হয়েছে। মূলত উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের এমন নানা সংকট সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বরাবরই নতুন উপাচার্য নিয়োগের ব্যাপারে জানিয়ে আসছি কিন্তু সেটার কার্যকরী কোনো সমাধান হচ্ছে না। 

তিনি আরো বলেন, আগামীকালও আমরা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠাব। আমরা চাই, দ্রুত উপাচার্য নিয়োগ অথবা অন্য কারো ওপর সাময়িক দায়িত্ব অর্পণ করতে। যাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সংকটগুলো দ্রুত সমাধান হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!