ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুবিতে সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ৪ জুন ২০২৩
কুবিতে সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাতের আঁধারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৪ জুন) সকাল ১০টায় কার্যালয়ে এসে এসব দেখতে পান সাংবাদিকরা। তবে কে বা কারা অফিস ভেঙেছে তা জানা যায়নি।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১৪ নম্বর কক্ষের সাংবাদিক সমিতির কার্যালয়ের পূর্ব পাশের দুইটি জানালার কাচ ভেঙ্গে ফেলা হয়েছে। পরে সাংবাদিক সমিতির সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবগত করলে প্রক্টরিয়াল টিম পরিদর্শন করেন।

এ বিষয়ে সাংবাদিক সমিতি সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, ‘আমরা গতকাল রাতে অফিস থেকে যাই। পরে সকালে অফিসে এসে দেখি অফিসে হামলা হয়েছে। এতে পূর্ব পাশের দুইটি জানালা ভেঙ্গে ফেলা হয়েছে। তবে গত কয়েকদিন থেকেই সংবাদ প্রকাশের জেরে একটি রাজনৈতিক অঙ্গনের অনুসারীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। আমরা ধারণা করছি, বিষয়টি তারই বহিঃপ্রকাশ। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘সাংবাদিক সমিতির অফিস ভাঙার ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপাশি ঘটনাস্থলের আলামতও দেখেছি। যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভাঙচুর করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি উপাচার্যের সঙ্গে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে সেটাও আমরা আলোচনা করব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!