ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার আগেই বুকড শহরের হোটেলগুলো

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ২১ মে ২০২৩
ভর্তি পরীক্ষার আগেই বুকড শহরের হোটেলগুলো
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ২৯-৩১ মে পর্যন্ত চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে এরই মধ্যে শহরের আবাসিক হোটেলগুলোর কামরাগুলো বুকিং হয়ে গিয়েছে। বর্তমানে শহরের কোনো হোটেলেই রুম-সিট মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন অনেক অভিভাবক।

জানা যায়, গত এক সপ্তাহ ধরেই রুম বুকিংয়ের হিড়িক পড়েছে। এতে হোটেলগুলোর ৯৯ শতাংশ রুমের জন্য অগ্রিম টাকা গ্রহণ করেছে হোটেল কর্তৃপক্ষ।  

Advertisement

রাজশাহী আবাসিক হোটেল মালিক সমিতির তথ্যমতে, রাজশাহী নগরীতে ছোট-বড় মিলে ৬৫টি আবাসিক হোটেল আছে। এসব হোটেলে সর্বোচ্চ আড়াই হাজার লোক থাকতে পারবেন। তবে এরই মধ্যে এসব হোটেল বুকিং শেষ হয়েছে। ফলে অনেক অভিভাবক ও তাদের আত্মীয়-স্বজনরা এখন হোটেলে সিট খুঁজতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০ আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এরমধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসেব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!