এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, আমাদের বিধান আছে ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার। সে লক্ষ্য নিয়েই কাজ চলছে। তবে নানা বাস্তবতার কারণে ৪৫ দিনে হয়তো রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়। তবে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো বলেন, এরই মধ্যে বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলো থেকে খাতা আসতে শুরু করেছে। খাতাগুলো পরীক্ষকদের কাছে পাঠানো হবে। সেগুলো দেখা শেষে ফেরত এনে ফল প্রস্তুত করা হবে। এসব কাজে কিছুটা সময় লাগবে। খাতা দেখা ও ফল প্রক্রিয়া করতে কতটুকু সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। তবে আশা করছি, বিধি অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা যাবে।
.png)
জানা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষা নেওয়ার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এসময় আরো ১৫ দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। বিধান অনুযায়ী ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ৬০ দিন পূর্ণ হবে আগামী ৪ জুলাই।
এ বছর গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ চার হাজারের বেশি প্রার্থী। গত ৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৫৬০ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী এ পরীক্ষা দিয়েছেন।