ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্বব্যাপী সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘দ্যা মাউসট্র্যাপ’ আসছে জবিতে

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ১৯ মার্চ ২০২৩
বিশ্বব্যাপী সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘দ্যা মাউসট্র্যাপ’ আসছে জবিতে
দ্যা মাউসট্র্যাপ। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সর্বাধিক মঞ্চায়িত নাটক আগাথা ক্রিস্টির ‘দ্যা মাউসট্র্যাপ’ মঞ্চস্থ হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছেন। নাটকটির নির্দেশনায় আছেন বিভাগের প্রভাষক আফরিন হুদা।

১৯ মার্চ (রোববার) বেলা ২টা ও সন্ধ্যা ৭টায় এবং ২১ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি।

নাটকটির নির্দেশক আফরিন হুদা বলেন, নাটকটি রহস্যঘেরা এক মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত। প্রচলিত বাংলায় অনুবাদকের অত্যন্ত সহজ ও প্রাঞ্জল অনুবাদ অভিনেতাদের বোধগম্য করে তুলতে সাহায্য করেছে। হত্যা, খুনি, গোয়েন্দা, মানসিক বিকারগ্রস্ততার মধ্যে এক জটিল ধাঁধায় নাটকের কুশীলববৃন্দ খুনের আসল রহস্য উদঘাটন করে। নাটকের প্রতিটি ধাপে নতুন পরিস্থিতি, সন্দেহ, অবিশ্বাস, মানবমন ও অস্তিত্বের এক জটিল সমীকরণ খোঁজার চেষ্টা করে। 

Advertisement

আশা করি, জটিল ও দ্বান্দিক প্রশ্নের উত্তরের এই নাটকীয় উপস্থাপন দর্শকবৃন্দের মনস্তত্ত্বের গভীরে পৌঁছে এক স্নায়বিক আলোড়ন সৃষ্টি করবে।

‘কুইন অফ ক্রাইম’ খ্যাত লেখক আগাথা ক্রিস্টি রচিত নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। অভিনয়ে আছেন রাফিউল রকি, বিলাস, তৌফিক মেসবাহ, ইব্রাহিম, ব্রততি, বুশরা, তূর্ণা, ইমাম, সাগর, তানভীর, মুন্না, রাখি, পৃথা, শুভ্রা, সুব্রত, কৈসর, অনন্যা, পিংকি, কেয়া।

প্রসঙ্গত, দ্যা মাউসট্র্যাপ নাটকটির পূর্ববর্তী নাম ছিল ‘থ্রি ব্লাইন্ড মাইস’। নাটকটি প্রথমে একটি রেডিও নাটক হিসেবে প্রচলিত ছিল। রাজা পঞ্চম জর্জের স্ত্রী কুইন মেরির ৮০তম জন্মদিনের উপহার হিসেবে আগাথা ক্রিস্টি নাটকটি লিখেছিলেন। ১৯৪৭ সালের ৩০ মে নাটকটি প্রথম রেডিওতে ব্রডকাস্ট করা হয়। তখন থ্রি ব্লাইন্ড মাইস নামে আরো একটি নাটক প্রচলিত থাকায় আগাথা ক্রিস্টি নাটকটির নাম বদলে ‘দ্যা মাউসট্র্যাপ’ নামকরণ করেন। নাটকটি মূলত লন্ডনের কালভার্ট স্ট্রিটে ভিড়ের মধ্যেই সংগঠিত হওয়া একটি হত্যাকাণ্ড নিয়ে। হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাঁচজন অদ্ভুত লোক কাকতালীয়ভাবে- একইদিনে, একজন দম্পতির নতুন খোলা গেস্টহাউসে এসে ওঠে। তার পরের দিনই  একজন পুলিশ সার্জেন্ট সেই গেস্টহাউসে আসে এবং আবিষ্কৃত হয়, অতিথিদের মধ্যে একজন খুনি রয়েছে। ভয়ে, আতঙ্কে প্রত্যেক চরিত্র একের পর এক তাদের বিভীষিকাময় অতীত প্রকাশ করে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!