ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছ নিয়ে দোটানায় জবি, সিদ্ধান্ত ২২ ফেব্রুয়ারি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
গুচ্ছ নিয়ে দোটানায় জবি, সিদ্ধান্ত ২২ ফেব্রুয়ারি
ছবি: ডেইলি বাংলাদেশ

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থাকা, না-থাকা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা এ পদ্ধতির নানা সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এরই প্রেক্ষিতে আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থাকছে কিনা, এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশেষ একাডেমিক সভায় বসবে প্রশাসন। 

বুধবার (১৫ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফেরার দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি বড় অংশ। তারা বলছে, বিদ্যমান ব্যবস্থায় একদিকে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় সেশনজটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। 

Advertisement

তবে বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জবি কর্তৃপক্ষ। উপাচার্য বলছেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬৩তম একাডেমিক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে একটি বিশেষ একাডেমিক সভা করার কথা ছিল। এরই অংশ হিসেবে তারিখ ঠিক করে এরই মধ্যে সব বিভাগের চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদ বলেন, সমন্বিত কর্তৃপক্ষকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের চেয়ারম্যানদের একটি মতামত নিয়েছিলাম। বিশেষ সভায় তা আলোচনা করা হবে। পাশাপাশি সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অংশগ্রহণ নিয়ে একটি সিদ্ধান্ত হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (গুচ্ছপদ্ধতি) থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্যকে জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!