ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার ইবি ছাত্রদের মারধর, আন্দোলনে শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৪, ১৩ মার্চ ২০২৩
এবার ইবি ছাত্রদের মারধর, আন্দোলনে শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মেদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান। অভিযুক্ত আকাশের বাসা ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে। 

Advertisement

জানা যায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় লেকে ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের ভিডিও ধারণ করে আকাশ ও তার বন্ধুরা। এ সময় জিসাদ ও সুপ্ত তাকে ভিডিও ডিলেট করতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আকাশ জিসাদদের পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনার পরে জিসাদ ও সুপ্ত শেখপাড়া বাজারে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করে আকাশ ও তার সহযোগীরা। এ সময় তাদের রাস্তায় ফেলে মারধর করেন আকাশরা। পরে সেখান থেকে পালিয়ে ইবি থানায় এসে অভিযোগ করেন জিসাদ ও সুপ্ত।

সন্ধ্যায় আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী জিহাদ আব্দুল্লাহ বলেন, দুপুরে হুমকি দিয়ে পরে পরিকল্পনা করে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তারা। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এদিকে গত এক সপ্তাহের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফা গন্ডগোলের সাক্ষি হয়েছে শিক্ষাঙ্গন। এর মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সরকারি তিতুমীর কলেজের বিষয়টি দেশব্যাপী নজর কেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!