ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

কলেজে ভর্তিতে দ্বিতীয় ধাপে ২ লাখের বেশি শিক্ষার্থীর আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৩, ২ সেপ্টেম্বর ২০২০
কলেজে ভর্তিতে দ্বিতীয় ধাপে ২ লাখের বেশি শিক্ষার্থীর আবেদন
ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির কলেজ নিশ্চায়ন শুরু হয়েছে। প্রথম ধাপের পর এবার দ্বিতীয় ধাপে আবেদন করেছেন দুই লাখ ১৭ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। বুধবার আন্তঃশিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুর কবির এ তথ্য নিশ্চিত করেন।

এদিন রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় দফায় আবেদনের শেষ সময় ছিল। এ সময়ের মধ্যে দুই লাখ ১৭ হাজার ২৫৫ শিক্ষার্থী আবেদন করেছেন। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮টায় মনোনীতদের ফল প্রকাশ করা হবে।

প্রথম ধাপে আবেদন করতে না পারা ও সিলেকশন না হওয়া শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করা হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।  শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।  সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। 

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বোর্ডের তথ্য মতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। সব বোর্ড মিলে মোট আবেদন করেছিলেন ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো সিট পাননি। এছাড়া সারা দেশে ১৪৮ কলেজে কেউ আবেদন করেননি। 

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের তথ্য মতে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে।  আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও http://www.xiclassadmission.gov.bd ফল জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!