ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাজেট ২০২৪–২৫: করের চাপে বাড়বে খরচ

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮, ৫ জুন ২০২৪
বাজেট ২০২৪–২৫: করের চাপে বাড়বে খরচ
ফাইল ফটো

নতুন বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়ছে। প্রতিদিনের জীবনযাপনে ব্যবহৃত হয় এ রকম নানা পণ্য ও সেবার ওপর বাড়তি কর আসছে। এ ছাড়া করদাতাদের করমুক্ত আয়সীমাও বাড়ছে না।

তবে এবারের (২০২৪–২৫) বাজেটে অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে করছাড় খুঁজে পাওয়াই মুশকিল হবে। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে গিয়ে কিছু খাতে বিদ্যমান কর অব্যাহতি তুলে নেয়া হবে।

Advertisement

এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠানের পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, আড়াই বছর ধরে আমরা উচ্চ মূল্যস্ফীতির সময় পার করছি। এর ফলে জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। তাই এখন ঢালাওভাবে শুল্ক-কর বাড়িয়ে দেওয়া কাম্য নয়। এতে জীবনযাত্রার খরচ আরো বাড়বে।

বাসাবাড়িতে এখন এলইডি বাতির ব্যবহার হয়। এ বাতির ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হতে পারে। ফলে বাড়তে পারে এলইডি বাতির দাম। পাশাপাশি টিউবলাইটের ওপর একই হারে ভ্যাট বাড়তে পারে।

মধ্যবিত্ত পরিবারও এখন এসি কেনার চেষ্টা করে। কিন্তু এবার তাতে হাত দেওয়া হচ্ছে। উৎপাদন পর্যায়ে এসির ওপর ৫ শতাংশ ভ্যাট বসতে পারে। ৩০ জুন পর্যন্ত এসি উৎপাদন ভ্যাটমুক্ত থাকবে। রেফ্রিজারেটরের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বেড়ে ১০ শতাংশ হতে পারে। এ ছাড়া আম, তেঁতুল, পেয়ারা, আনারসসহ বিভিন্ন ধরনের জুসের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর পরিকল্পনা করছে এনবিআর।

জানা গেছে, ল্যাপটপের দাম কমতে পারে। ল্যাপটপ আমদানিতে এখন সব মিলিয়ে ৩১ শতাংশ শুল্ক-কর দিতে হয়। আগামী বাজেটে তা কমিয়ে সাড়ে ২০ শতাংশ করা হতে পারে।

সাধারণত বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, গায়েহলুদ, সুন্নতে খতনাসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পুনর্মিলনী অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া করা হয়। এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না। বর্তমানে ৪৩ ধরনের সেবা পেতে রিটার্ন জমার কপি লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার এ বাধ্যবাধকতা যুক্ত হতে পারে।

এদিকে আগামী অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ছে না। এখনকার মতো বার্ষিক করমুক্ত সীমা সাড়ে তিন লাখ টাকাই থাকছে। তবে করহার পুনর্বিন্যাস হচ্ছে। এখন ৫, ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ করহারের সঙ্গে ৩০ শতাংশের আরেকটি স্তর আসছে। বছরে আয় সাড়ে ৩৮ লাখ টাকার বেশি হলে করদাতাকে বাকি অর্থের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসতে পারে। সংসদ সদস্যরা কোনো শুল্ক-কর ছাড়াই গাড়ি আমদানি করতে পারেন। ৩৬ বছর ধরে এই সুবিধা পেয়ে আসছেন তারা। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। তবে নীতিনির্ধারকদের দিক থেকে সংসদ সদস্যের গাড়ির ওপর শুল্ক না বসানোর চাপ আছে। শেষ পর্যন্ত এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

ব্যবসায়ীদের জন্য ভালো খবর যেমন আছে, তেমনি আছে খারাপ খবরও। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের করহার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হতে পারে। শর্ত হলো ৫ লাখ টাকার একক লেনদেন এবং বার্ষিক লেনদেন ৩৬ লাখ টাকার বেশি হলে তা ব্যাংকের মাধ্যমে হতে হবে। তবে সমবায় সমিতির করহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হতে পারে।

ব্যবসায়ীরা কিছু পণ্য আমদানিতে শুল্ক সুবিধা পান। সেই সুবিধা সীমিত করা হচ্ছে। খাদ্যপণ্য, কৃষি উপকরণ, ওষুধসহ অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী পণ্যসহ ৩২৯টি পণ্য আমদানি করতে আমদানিকারককে কোনো আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক দিতে হয় না। আগামী বাজেটে ঐ তালিকার অন্তত ১০-১৫ শতাংশ পণ্যের ওপর ১ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। সেই হিসাবে অর্ধশতাধিক পণ্যের ওপর এই শুল্ক বসতে পারে।

এসব পণ্যের প্রাথমিক তালিকায় রয়েছে- গম, ভুট্টা, শর্ষের বীজ, তুলার বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, বিটুমিন, কয়লা, জিপসাম, ভিটামিন, পেনিসিলিন, ইনসুলিন, বিভিন্ন ধরনের দরকারি রাসায়নিক, প্লাস্টিক কয়েল, পেপার বোর্ড, বিভিন্ন স্টিলজাতীয় পণ্য, শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ইত্যাদি।

এ ছাড়া বর্তমানে ২৭টি তথ্যপ্রযুক্তি সেবা খাতে বিনিয়োগ করলে কর অবকাশ সুবিধা পাওয়া যায়। আগামী বাজেটে এই কর অবকাশ সুবিধাপ্রাপ্ত খাতের সংখ্যা ১৯-এ নামিয়ে আনা হচ্ছে।

২০২৪ সালের জুন মাস পর্যন্ত ১৩ ধরনের বড় অবকাঠামো খাতে ১০ বছর পর্যন্ত কর অবকাশ সুবিধা আছে। এসব বড় অবকাঠামোর ক্ষেত্রে কর অবকাশ সুবিধা উঠিয়ে দেওয়া হতে পারে। যেসব খাতে কর অবকাশ সুবিধা উঠতে পারে সেগুলো হলো গভীর সমুদ্রবন্দর বা নদীবন্দর; এলিভেটেড এক্সপ্রেসওয়ে; রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল; ফ্লাইওভার, টোল রোড ও ব্রিজ; গ্যাস পাইপলাইন; আইসিটি পার্ক; হাইটেক পার্ক; অনুমোদিত পানি শোধনাগার; পানি সরবরাহ বা পানিনিষ্কাশনের ব্যবস্থা; এলএনজি টার্মিনাল ও সঞ্চালন লাইন; মনোরেল ও সাবওয়েসহ রেলপথ; নবায়নযোগ্য জ্বালানি।

শেয়ারবাজার থেকে ক্যাপিটাল গেইনের ওপর কর কমানোর চিন্তা করা হচ্ছে। বার্ষিক ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন হলে কর বসতে পারে। সে ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপরই কর বসবে। এ ছাড়া কোম্পানি পরিচালকদের শেয়ারবাজার থেকে আয়ের ওপর উৎসে কর কাটার বিধান আসতে পারে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয় বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। সেই মুনাফার ওপর এখন ১০ শতাংশ উৎসে কর কেটে রাখা হয়। এটি বাড়িয়ে ২০ শতাংশ করা হতে পারে।

এ ছাড়া ভবিষ্যত তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক তহবিল (গ্র্যাচুইটি ফান্ড) কোথাও বিনিয়োগ করলে যে মুনাফা আসে, তার ওপর ১৫ শতাংশ হারে উৎস কেটে রাখা হয়। এই করহার ১০ শতাংশে নামিয়ে আনা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাজেট
লিংক সফলভাবে কপি হয়েছে!