ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আরো কমলো ডিমের দাম, হালি ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ২৭ নভেম্বর ২০২৩
আরো কমলো ডিমের দাম, হালি ৪০ টাকা
ফাইল ফটো

ডিমের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। এরপর থেকেই ক্রমাগত কমতে থাকে ডিমের দাম। দাম কমে এখন প্রতি পিস ডিম ১০ টাকায় মিলছে। এর আগে, সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশে ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। 

রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ও এসব এলাকার পাড়া-মহল্লার দোকানগুলোর ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অর্থাৎ ১০ টাকা পিস। পাইকারিতে দরদাম করে ১১৫ টাকাও কেনা যাচ্ছে। তবে, পাড়া-মহল্লার খুচরা দোকানে এখনো ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত একমাসে বাজারে ডিমের দাম সাড়ে ২১ শতাংশ কমেছে। গত মাসে প্রতি হালি ডিমের দাম ছিল ৫০ থেকে ৫২ টাকা, যা এখন ৩৭ থেকে ৪৩ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

Advertisement

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত তিনমাস আগে অস্বাভাবিকভাবে বেড়েছিল ডিমের দাম। সেসময় থেকে ডিমের উৎপাদন বাড়াতে শুরু করেন খামারিরা। যে ডিমগুলো এখন বাজারে আসছে। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেড়েছে। প্রতিদিন-ই পাইকারি বাজারে প্রতি একশো ডিমের দাম ২০ থেকে ৩০ টাকা করে কমছে।

এদিকে পাইকারিতে ফার্মের মুরগির সাদা রঙের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়। প্রতি ১০০টি সাদা ডিম ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ৮৮০ থেকে ৯২০ টাকায়।

আজমপুর কাঁচাবাজারের ডিম বিক্রেতা সাঈদ মিয়া বলেন, পাইকারিতে ১০০টি বাদামি ডিম কিনতে ৯২০ টাকার মতো লাগছে। যা পরিবহন ও অন্যান্য খরচ মিলে ৯৫০ টাকা পড়ছে। ডিমের দাম কমায় বেচাকেনাও ভালো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিম
লিংক সফলভাবে কপি হয়েছে!