ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশের আরো ৩ প্রতিষ্ঠান পেল পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ১৪ এপ্রিল ২০২৩
দেশের আরো ৩ প্রতিষ্ঠান পেল পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আরো তিনটি প্রতিষ্ঠান পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫টি।

শুক্রবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। নতুন সবুজ কারখানার সনদ পাওয়া কারখানা তিনটি হলো- কোয়াট্রো ফ্যাশন লিমিটেড, ট্রাস্ট নিটওয়্যার গার্মেন্টস বিল্ডিং ও ট্রাস্ট নিটওয়্যার ওয়াশিং অ্যান্ড ডাইং বিএলডিজি। এর মধ্যে কোয়াট্রো ফ্যাশন লিমিটেড ৮৬ পয়েন্ট নিয়ে প্লাটিনাম রেটিং পেয়েছে। ট্রাস্ট নিটওয়্যার ওয়াশিং অ্যান্ড ডাইং বিএলডিজি ৬৪ পেয়েন্ট পেয়ে গোল্ড রেটিং পেয়েছে। পাশাপাশি ৬১ পয়েন্ট নিয়ে ট্রাস্ট নিটওয়্যার গার্মেন্টস বিল্ডিংও পেয়েছে গোল্ড রেটিং।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক খাতে আরো তিনটি প্রতিষ্ঠান সবুজ কারখানার স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশে এখন লিড সনদ পাওয়া কারখানা ১৯৫টি। এর মধ্যে ৬৯টি কারখানাই লিড প্লাটিনাম সনদভুক্ত। বর্তমানে লিড সনদে বিশ্বের শীর্ষ ১০ কারখানার ৮টিই বাংলাদেশের। আর শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার ৫৪টিই বাংলাদেশে অবস্থিত।

Advertisement

সর্বশেষ তথ্য বলছে, দেশের ১৯৫টি পোশাক ও বস্ত্র খাতের কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৬৯টি কারখানা, লিড গোল্ড ১১২টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

মূলত ভবন নির্মাণের পরে কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!