মাত্র দেড় ঘন্টায় অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের দেড় ঘণ্টার মধ্যে সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চোয়ারফাঁড়ি স্টেশন থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এর আগে বদরখালী ইউপির একটি মাদরাসায় বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মাদরাসাছাত্রী অপহৃত হন।
আটকরা হলেন-বদরখালী গোয়াখালী পাড়ার মো. হোসেনের ছেলে নূর হোসেন, জাহাঙ্গীর আলমের ছেলে রাশেদ, মোহাম্মদ এমদাদুল হকের ছেলে মো. সাগর ও আবুল হাশেমের ছেলে মো. মোশাররফ।
অপহরণের শিকার মাদরাসাছাত্রী বলেন, বাড়ি থেকে বার্ষিক পরীক্ষা দিতে সকাল ৯ টায় মাদরাসায় যাচ্ছিলাম। উপজেলার ফুলতলায় পৌঁছালে হঠাৎ চারজন আমাকে ঘেরাও করে মাইক্রোবাসে তুলে অজানা উদ্দেশ্যে রওনা হয়। মাইক্রোবাসটি চোয়ারফাঁড়ি স্টেশনে পৌঁছালে লোকজন দেখে আমি চিৎকার দেই। এতে স্থানীয়রা মাইক্রোটি থামিয়ে আমাকে উদ্ধার করে ও অপহরণে জড়িত চারজনকে ধরে ফেলে।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার তরুণকে আটকসহ আমাকে থানায় নিয়ে আসে পুলিশ। অপহরণকারীরা বদরখালী থেকে আনার সময় আমার শ্লীলতাহানি করে।
চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া ছাত্রী পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আটক চারজনকে আসামি করে মামলা করেছেন।