ফেনীতে মাদরাসাছাত্রীকে হত্যাচেষ্টায় মামলা
ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ছাদে মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় মামলা হয়েছে। ঘটনার তিনদিন পর সোমবার বিকেলে মামলাটি করেন ভুক্তভোগীর বড় ভাই মাহমুদুল হাসান।
এদিকে, হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মাদরাসার প্রভাষক আফসার উদ্দিন, ছাত্র আরিফুল ইসলাম, মো. মোস্তফা, নুরুল আমিন, আলা উদ্দিন, সাইদুল ইসলাম, জসিম উদ্দিন, আফসার উদ্দিন।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত বোরখা পরা মুখোশধারী চারজনসহ সহযোগিদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর ভাই। এ ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ সাতজনকে আটক করেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া রাফির সহপাঠীদের কাছ থেকে জবানবন্দি নেয়া হয়েছে।
শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পুড়িয়ে হত্যার চেষ্টা করে অধ্যক্ষের অনুসারীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতির কারণে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার সকালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ