ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২১ অক্টোবর ২০২৬
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মো. শাহিন বেপারী। তিনি উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকার মৃত ফায়েজ বেপারীর ছেলে।

বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে শাহিনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়ার রেলওয়ে কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান শাহিন। এতে তাঁর মরদেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজখবর শুরু করে পুলিশ। পরিবারের সদস্যরা খবর পেয়ে থানায় এসে মরদেহ শনাক্ত করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা থানায় এসে নিহতের পরিচয় শনাক্ত করলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!