লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটির মেয়ে। মা মাহমুদা আক্তার বিউটির সঙ্গে তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ায় বাবর নামে এক ব্যক্তির মালিকানাধীন ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মা জানান, শনিবার সন্ধ্যায় তারা একসঙ্গে নাশতা করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে তিনি টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখছিলেন। প্রায় আধা ঘণ্টা পর মেয়ের কক্ষের কাছে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ছোট ছিদ্র দিয়ে উঁকি দিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন।
মাহমুদা আক্তার বিউটির দাবি, সাইমন নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের কিছুদিন ধরে সম্পর্ক ছিল। ঘটনার দিনও ওই যুবকের সঙ্গে জান্নাতুলের ফোনে কথা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। ওই যুবকের সঙ্গে অভিমানের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে তার ধারণা। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুলের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। পরে তার মা খাগড়াছড়ির বিশাল মাহমুদ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। মায়ের দ্বিতীয় সংসারে আরও এক কন্যাসন্তান রয়েছে। জান্নাতুলের এক ভাই বাবার সঙ্গে থাকে। আর তিনি মায়ের সঙ্গে লোহাগাড়ার ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, ভবনমালিক ফোন করে তাকে ঘটনাটি জানান। খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থলে যান। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।