সিরাজগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৬ দিনের ঐতিহ্যবাহী মেলা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা। শহরের মুজিব সড়কে গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। মেলায় গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, ঝুরি-বুন্দি, শিশুদের খেলনা ও বিভিন্ন ধরনের শৌখিন পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। পছন্দের পণ্য কিনতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসা কল্যাণী রানী বলেন, মেলায় শিশুদের খেলনাসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে ঝুরি-বুন্দি ও বিভিন্ন ধরনের সাজসজ্জার সামগ্রী তাকে আকৃষ্ট করেছে। ছোটবেলায় গ্রামীণ মেলায় এসব পণ্য দেখা যেত। এখন আগের মতো গ্রামীণ মেলার আয়োজন কমে যাওয়ায় এ মেলায় এসে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে।
নাতি-নাতনিদের নিয়ে মেলায় ঘুরতে এসেছেন ওয়ারেস আলী। তিনি বলেন, মেলায় এসে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে। একসময় বিভিন্ন এলাকায় নিয়মিত গ্রামীণ মেলা বসত। সেখানে নানা ধরনের পণ্য পাওয়া যেত। ছোটবেলায় ভাই-বোনদের সঙ্গে মেলায় গিয়ে ঝুরি-বুন্দি ও খেলনা কেনার স্মৃতি এখনো মনে আছে। পরিবারের সবাই মিলে মেলায় ঘুরে আনন্দ করতেন। মা-বাবা সারা বছরের জন্য হলুদ, মরিচসহ বিভিন্ন মসলাজাতীয় পণ্য কিনে রাখতেন। মেলায় পুতুলনাচ দেখাও ছিল বাড়তি আকর্ষণ।
সিরাজগঞ্জ ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাপতি অশোক কুমার ব্যানার্জি বলেন, দুর্গাপূজা উপলক্ষে শহরের মুজিব সড়কে প্রতিবছর এ ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। মেলাটি হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাড়িতে স্বজনদের সমাগমও বাড়ে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনব্যাপী এ মেলাকে ঘিরে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশি দেখা যাচ্ছে। প্রতিদিন মেলায় বিপুল পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।