মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিস্ত্রিপাড়া এলাকায় আইন অমান্য করে পাহাড় কাটা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারায় মো. রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রানা স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে।
অভিযান শেষে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, "পাহাড় কাটা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য চরম হুমকিস্বরূপ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।"
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা ও পাহাড় ধ্বংস প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।