আখাউড়ায় কৃষক কার্ড বিতরণ, খুশি কৃষকরা
কৃষকদের সরকারি সহায়তা ও বিভিন্ন কৃষিসেবা সহজে পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ উপজেলায় ১ হাজার ৮৫১ জন কৃষক কার্ড পাবে। এরমধ্যে পুরুষ ১২৩৮ ও মহিলা ৬১৩ জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ৪ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন অতিথিরা।
প্রথম দিনই কৃষি কার্ডের সুবিধা হিসেবে নিজ নিজ একাউন্টে ২৫০০ টাকা পেয়েছে কৃষকরা। কৃষক কার্ড হাতে পেয়ে উচ্ছ্াস প্রকাশ করেন কৃষকরা।
.png)
এ কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সরকারি প্রণোদনা ও বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে কৃষকদের সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া (৪) কসবা- আখাউড়ার সংসদ সদস্য আলহাজ¦ মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ডা: মো. খোরশেদ আলম ভূইয়া,. পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতা পাই তখন আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি। আর এখন ২০ কোটি। কৃষকরা আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে । কাজেই কৃষককে যত সুবিধা দেওয়া যাবে ততই আমাদের মঙ্গল। সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন কৃষি কার্ড দেওয়ার তা তিনি পূরণ করেছেন। এই কার্ডের মাধ্যমে কৃষক সার, বীজ পাবে। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে। কৃষি কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ নেওয়া সহজ হবে। এরকম ১০ রকমের সেবা পাবে কৃষকরা।
কৃষক কার্ড পেয়ে দ্বীন মোহাম্মদ নামে এক কৃষক বলেন, কৃষক হিসেবে একটি পরিচয়পত্রের মতো কার্ড পাওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে যদি সার, বীজ, কৃষি প্রণোদনা ও অন্যান্য সরকারি সুবিধা সহজে পাওয়া যায় তাহলে অনেক উপকৃত হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা কৃষি খাতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। কৃষক কার্ড চালু হওয়ায় এখন সমস্যা আর থাকবে না। এ কার্ড পেয়ে আমরা খুবই খুশি।
কৃষক বাছির জমদার বলেন, আমরা কৃষক মানুষ। জমিতে ফসল ফলিয়ে সংসার চালাই। কৃষি আমাদের জীবিকার প্রধান অবলম্বন। কৃষক কার্ড পেয়েছি এতে ভালো লাগছে। তিনি আরও বলেন কৃষকদের পাশে সরকার দাঁড়ালে উৎপাদন বাড়বে এবং কৃষকরাও উৎসাহিত হবে।