সীমান্তে সাড়ে ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বিজিবির
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৮৫ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।
.png)
তিনি জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাউল, বাঁজি, ট্যাব, শাড়ি, গরু, বিভিন্ন প্রকার শ্যাম্পু, স্কিন শাইন ক্রিম, ফুসকা, তাস, চকলেট, অলিভ অয়েল, রেডবুল এনার্জি ড্রিংকস, নবরত্ন তেল, সেভেন অয়েল, অরিও বিস্কুট, কিসমিস, লাগেজ, গাঁজা, মদ, বিয়ার, ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ পণ্যের বাজার মূল্য প্রায় ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা।
অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দ ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।