বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার জেরিন রাইস প্রসেসিংয়ে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
আটক মো. বোরহান উদ্দিনকে (৪২) শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের বাবুল তালুকদারের ছেলে। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়েছে। প্রশাসনকে জানানো হলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি খাদ্য কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে। আটক বোরহান উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধার করা মালামাল মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।