বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "আমি মাত্রই এই দায়িত্বটি পেয়েছি। আগামী জুলাই মাসে আমরা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা করার সিদ্ধান্ত নিয়েছি। ওই সভাতেই হাসপাতালটির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।"
.png)
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেবাগ্রহীতাদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হবে। সেখানে চিকিৎসা সেবার মানোন্নয়নে সরাসরি সাধারণ মানুষের মতামত ও পরামর্শ নেওয়া হবে।
হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, "এই হাসপাতালটিকে এমন একটি আধুনিক ও কার্যকর অবয়বে পরিচালনা করা হবে, যাতে দক্ষিণাঞ্চলের মানুষ সব ধরনের চিকিৎসাসেবা এখানেই পান। উন্নত চিকিৎসার জন্য তাঁদের যেন কষ্ট করে ঢাকা বা অন্য কোথাও যেতে না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"