ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মমতাজ বেগম (৪৮) নামে এক মাহেন্দ্রা যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মমতাজ বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
.png)
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঢাকাগামী ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী অর্থাৎ বরিশালগামী একটি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতোটাই জোরালো ছিল যে, ঘটনাস্থলেই মাহেন্দ্রার যাত্রী মমতাজ বেগম মারা যান।
এই দুর্ঘটনায় মাহেন্দ্রায় থাকা আরও অন্তত দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
হাইওয়ে থানার ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত বাস এবং মাহেন্দ্রা দুটিকে দ্রুত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মমতাজ বেগমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাতেই ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।