ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

ফেনী প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৭, ১৮ এপ্রিল ২০২৬
ফেনীতে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত
ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নাঈম (৩০) যশোর জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা। আহত চালক মোহাম্মদ ইব্রাহিম (৩২) ঢাকার সাভার উপজেলার দরফ পাঁজা ঘাট এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে টিনবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাসায়নিক বোঝাই দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় রাসায়নিক বোঝাই ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকটির চালকের সহকারীর। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে আহত অবস্থায় উল্টে যাওয়া ট্রাকটির চালককে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ-দৌলা বলেন, আহত ইব্রাহিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!