ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১ টাকায় ঈদের নতুন জামা পেয়ে খুশি তারা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ১৫ মার্চ ২০২৬
১ টাকায় ঈদের নতুন জামা পেয়ে খুশি তারা
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। মাত্র এক টাকার বিনিময়ে নতুন পোশাক কিনতে পেরে আনন্দে মেতে উঠেছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

শনিবার (১৪ মার্চ) সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় একটি স্কুলের পাশে সামিয়ানা টাঙিয়ে তৈরি করা হয় একটি অস্থায়ী দোকান। দোকানের সামনে বড় ব্যানারে লেখা ছিল- ‘১ টাকায় ঈদের নতুন জামা’। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কৌতূহল ও আনন্দের বন্যা বয়ে যায়।

দোকানের সামনে তখন সারি বেঁধে দাঁড়িয়ে পড়ে শতাধিক শিশু-কিশোর। কারও হাতে শক্ত করে ধরা একটি এক টাকার কয়েন, আবার কেউ ধরে রেখেছে এক টাকার নোট। তাদের চোখে-মুখে স্পষ্ট উচ্ছ্বাস- আজ তারা কিনবে ঈদের নতুন জামা, তাও আবার মাত্র এক টাকায়।

Advertisement

এ সময় শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। নতুন পোশাক হাতে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। মাত্র এক টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দে মেতে ওঠে সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

সংগঠনটির নেতারা জানান, অনেক শিশুই ঈদের সময় নতুন কাপড় কিনতে পারে না। সেই শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই তাদের এই ছোট উদ্যোগ।

তারা আরও বলেন, নতুন জামা কেনার সামর্থ্য না থাকায় অনেক শিশু দূর থেকে অন্যদের আনন্দ দেখেই সময় কাটায়। তবে এমন মানবিক উদ্যোগে এবার ঈদের আগেই হাসি ফুটেছে অনেক সুবিধাবঞ্চিত শিশুর।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!