ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাম্পে পিটুনিতে যুবক নিহত, ৩ বাসে আগুন ও ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭, ৮ মার্চ ২০২৬
পাম্পে পিটুনিতে যুবক নিহত, ৩ বাসে আগুন ও ভাঙচুর
পেট্রোলপাম্প ও নিরব আহমেদ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি পেট্রোলপাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে নিরব আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নিরব আহমেদ কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। পুলিশ ও র‍্যাব এই ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিরব হোসেন বোতলে করে পেট্রোল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। শুরুতে পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এর কিছুক্ষণ পর নিরব আবারো সেখানে গিয়ে দেখেন অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে নিরবের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহতের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই অত্যন্ত সাধাসিধে মানুষ ছিলেন। সামান্য কথা কাটাকাটির জেরে পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় পিটিয়ে তাকে খুন করেছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এদিকে, যুবক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোক ও বিক্ষুব্ধ জনতা টার্মিনাল এলাকায় জড়ো হয়ে পাম্পে হামলা চালায়। এ সময় পাম্প চত্বরে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে পাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!