ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আরিচায় কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৭ মার্চ ২০২৬
আরিচায় কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ৫
ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আরিচা তিন নম্বর ফেরিঘাটের বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালী ডাক্তারখানা এলাকার আক্কাস মিস্ত্রি টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে কম্প্রেসার মেশিনটি স্থাপন করেছিলেন। হঠাৎ করেই মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা কয়েকজন আহত হন। বিস্ফোরণে একটি দোকানঘর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণে তার একটি পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

আহতরা হলেন- সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মাসুদ (৪৫), রওশন আরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কম্প্রেসার বিস্ফোরণে আহত মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!