ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইফতারের আগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ইফতারের আগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত
নিহত তারেক। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে। মৃত তারেক রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রাজনগর উপজেলার ঘরগাও গ্রামের খোলা মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে বোলিং নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আতিক মিয়া (২২) নামের এক তরুণ ধারালো ছুরি দিয়ে তারেককে এলোপাতাড়ি আঘাত করলে তিনি (তারেক) মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আহত তারেককে দ্রুত উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্ত আতিক একই গ্রামের (ঘরগাঁও) মৃত শফিক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আতিক পলাতক।

Advertisement

রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, আমরা ইফতারের পর খবর পেয়েছি। ইফতারের পূর্বে ক্রিকেট খেলা নিয়ে আতিক ও তারেকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হাসপাতালে নেয়ার পথে তারেক মারা গেছেন। মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!