ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ২১ ডিসেম্বর ২০২৪
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
নিহত ইকবাল হোসেন (বামে) ও বাইকার তানজীম আব্দুল্লাহ (ডানে) -ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। তারা হলেন-  শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮) নামে এক বাইক আরোহী। অপর এক ঘটনায় উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে জোহা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহআলম।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে ফরিদগঞ্জের কামতা বাজার এলাকা থেকে শাহাদাৎ হোসেন ও ইকবাল নামে দুই বন্ধু বাইকযোগে সুবিদপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ আরোহীরা সড়কের পাশে পড়ে যান। এ সময় অটোরিকশা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত ইকবাল হোসেন মুলপাড়া গ্রামের হাজী বাড়ীর মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে।

এদিকে, নিজ বাড়ি থেকে শুক্রবার বিকেলে বাইকযোগে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দিলে রায়পুর উপজেলার বাসাবো এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন বাইকার তানজীম আব্দুল্লাহ। ওই সময় তানজীম বাইকসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. কমলা শীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে নানার বাড়ি থেকে শুক্রবার দিনগত রাতে জোহা আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। জোহা আক্তার একই উপজেলার সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। পুলিশ তার নানার বাড়ির বসত বিল্ডিং-এর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। সন্তানদের মোটরসাইকেল ও মোবাইল দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!