ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৫:৫৩, ১০ ডিসেম্বর ২০২৪
সীমান্ত থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (চুয়াডাঙ্গা ৬ বিজিবি) অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার দুপুর ১টার সময় পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বাড়াদী বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে সীমান্তের শূন্যরেখা হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার সময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

Advertisement

পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতরে থাকা ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। 

এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!