ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রলীগ নেতার মাকে কুপিয়ে হত্যা, বাবা রিমান্ডে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৮ ডিসেম্বর ২০২৪
ছাত্রলীগ নেতার মাকে কুপিয়ে হত্যা, বাবা রিমান্ডে
বোদা থানা। ফাইল ফটো

পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রলীগ নেতার মাকে কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা আবুল কালাম আজাদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। নিহত অরিনা বেগম ওই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। তাদের বড় ছেলে ওয়াহিদুজ্জামান অমিত কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। 

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি আজিম উদ্দিন। 

Advertisement

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে অরিনা বেগম ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রাতে বাজার থেকে আবুল কালাম বাড়ি ফিরে দেখেন স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওইদিন রাতেই গৃহবধূর স্বামী আবুল কালামকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে নিহতের বড়ভাই রেজাউল করিম বাদী হয়ে বোদা থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়। 

আবুল কালাম আজাদের ভাতিজি শাহনাজ বেগম বলেন, আমার চাচা-চাচির মধ্যে ভালো সম্পর্ক ছিল। কে বা কারা চাচিকে হত্যা করল, বুঝতে পারছি না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে চাঁদা না দেওয়ায় হত্যা করা হয়েছে। আসলে এমন কিছুই ঘটেনি। আমাদের কিংবা চাচার পরিবারের কাছে কেউ চাঁদা দাবি করেনি। 

ওসি আজিম উদ্দিন বলেন, অরিনা হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সন্দেহভাজন আসামি হিসেবে তার স্বামীকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!