ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিক আন্দোলনে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগ চরমে

সেলিম রানা, গাজীপুর
প্রকাশিত: ২০:৫৯, ২৮ নভেম্বর ২০২৪
শ্রমিক আন্দোলনে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগ চরমে
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অচল হয়ে পড়েছে।

গাজীপুরের চন্দ্রা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। আন্দোলনকারীদের বিক্ষোভে একদিকে যানজট তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বেকার হয়ে পড়েছেন। বেতন ও ভাতা ছাড়া মাসের পর মাস তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। কেউ কেউ কাজ হারিয়ে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আজ বেতন পাওয়ার আশায় তারা চন্দ্রায় ফিরে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

Advertisement

এক শ্রমিক বলেন, আমাদের কারখানা গত দুই মাস ধরে বন্ধ। বেতন চাইতে এলে কোনো সমাধান দেওয়া হয় না। আজ বেতন না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

এদিকে, শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোর থেকেই যানবাহনের মধ্যে আটকে পড়া যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গরমে শিশুরা এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। অনেক যাত্রী বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছাতে পায়ে হাঁটা শুরু করেছেন। অটোরিকশা বা স্থানীয় যানবাহনের চালকেরা এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

যানবাহনের চালক ও তাদের সহকারীরা বলছেন, বিক্ষোভের সময় সড়কে থেকে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। পণ্যবাহী ট্রাকের চালকেরা বলেন, ট্রাকে থাকা পণ্য নষ্ট হলে আমাদের ক্ষতির দায় কে নেবে? অনেক চালক অপ্রীতিকর ঘটনা এড়াতে গাড়ি রেখে দূরে অবস্থান করছেন।

সপ্তাহের শেষ দিন হওয়ায় সাধারণত চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেশি থাকে। এই মহাসড়কটি উত্তরবঙ্গ ও ঢাকার প্রধান প্রবেশদ্বার হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এরমধ্যে শ্রমিকদের অবরোধের ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

শ্রমিকদের বিক্ষোভের কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে বারবার বৈঠক করেছেন। পরে মালিকপক্ষের এক পরিচালক ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান না হওয়ায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছেন।

এ পরিস্থিতিতে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন। বিক্ষোভ চলতে থাকলে যানবাহনের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন দ্রুত এই সংকটের সমাধান করে মহাসড়কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!