ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে অধ্যক্ষের পদত্যাগ দাবি: অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ১২ নভেম্বর ২০২৪
গাজীপুরে অধ্যক্ষের পদত্যাগ দাবি: অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা
অবরোধ তুলে নিয়েছে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অনিয়ম, অসদাচরণ এবং শিক্ষার্থীদের প্রতি অবহেলার কারণে বিদ্যালয়ে শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য হুমকিস্বরূপ। এদিকে আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচলে বন্ধ হয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আন্দোলন দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে, যার ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার গাড়ি, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এই যানজটের ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। 

Advertisement

দুপুর ২টার দিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাওসার আহম্মেদ ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। শিক্ষার্থীদের দাবি গুরুত্ব সহকারে শুনে ইউএনও আশ্বস্ত করেন যে, শিগগিরই ম্যানেজিং কমিটি পুনর্গঠন করা হবে এবং অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্তের মাধ্যমে সমাধান করা হবে। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, প্রশাসনের সহায়তায় সঠিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ নেয়া হবে।

ইউএনও’র আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন, ফলে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় তারা ম্যানেজিং কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিগগিরই শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তবে শিক্ষার্থীরা এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যেন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অসদাচরণের অবসান ঘটে এবং শিক্ষার্থীরা নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশে ফিরে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!