ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্র মাহবুব হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৩১ অক্টোবর ২০২৪
কলেজছাত্র মাহবুব হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছবি: সংগৃহীত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা ও গাড়িচাপায় কলেজছাত্র মাহবুব হত্যা মামলায় এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (৩০ অক্টোবর) রাতে জেলার সদর থানার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম নুরুল ইসলাম তোতা (৬০)। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তরপাড়া এলাকার বাসিন্দা ও মালিঝকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতকারীরা হামলা চালায়। এতে শিক্ষার্থী মাহবুব আলম গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের মা মোছা. মাফুজা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি নিয়ে র‌্যাব-১৪ জামালপুর কোম্পানি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে অভিযান পরিচালনা করে নুরুল ইসলাম তোতাকে গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাব-১৪ এর জামালপুর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত নুরুল ইসলাম তোতাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!