বুধবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইশা পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী হাত উঁচু করে রাস্তা পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে গাড়িটি এসে তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, মাইশাকে চাপা দেওয়ার পরে গাড়িটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা গাড়িটিকে ধাওয়া দিয়ে দপদপিয়া সেতুর টোল প্লাজায় আটক করে। যদিও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। শিক্ষার্থীরা বাসটি আটক করে বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসে। বিক্ষুব্ধরা গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদিকে মাইশার মৃত্যুর খবর পাওয়ার পরপরই শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা শোকস্তব্ধ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম ও অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন উপাচার্য মহোদয়। এছাড়া তিনি শিক্ষার্থীদের উত্থাপিত দাবি মেনে নিয়েছেন। গাড়িটির চালক ও হেলপারকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।