ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেহাল রাস্তায় শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৫ অক্টোবর ২০২৪
বেহাল রাস্তায় শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ
বিদ্যালয়ে যাওয়ার রাস্তার বেহাল দশা -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরের দক্ষিণ গোবিন্দপুর কেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সামাদ মাস্টারের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সরকারি কাঁচা রাস্তা এখন পর্যন্ত পাকা না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরাসহ এ এলাকার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। তাই সংশ্লিষ্ট এলাকাবাসী রাস্তা পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয় স‍ূত্রে জানা যায়, এ সড়ক দিয়ে দক্ষিণ গোবিন্দপুর কেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও হোসেনপুর ডিগ্রি কলেজ, হোসেনপুর মহিলা কলেজ ও কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজে যাওয়ার জন্য শিক্ষার্থীরা চলাচল করে। দক্ষিণ গোবিন্দপুর এলাকার লোকজনের জন্য উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র চলাচলের রাস্তা এটি। গ্রামবাসীর নিত্য দিনের হাট-বাজার ও যাতায়াতের একমাত্র রাস্তাটি পাকা না থাকায় বর্ষাকালসহ অন্য যেকোনো সময়ে বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কাঁচা হওয়ায় এ রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে না। গাড়ি না চলায় মুমূর্ষু রোগী ও বয়স্কদের চলাচলে সমস্যার শেষ নেই। রিকশায় মূল রাস্তায় এসে রোগীদের হাসপাতালে নিতে হয়। এলাকার জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়ে বছরের পর বছর পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসী হোসেনপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত এই রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন।

Advertisement

রাস্তা পাকাকরণ ও জনভোগান্তীর বিষয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, শিগগিরই রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!