ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্র আন্দোলনে হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১৫ অক্টোবর ২০২৪
ছাত্র আন্দোলনে হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতারকৃত মো. আকরাম -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার দায়ে সদর উপজেলার দানাপাটুলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আকরামকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় সদর উপজেলার দানাপাটুলি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আকরাম সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের ঘাগলাইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দানাপাটুলি ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

Advertisement

সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় এজাহারনামীয় ৩৯নং আসামি আকরামসহ অন্যান্যরা রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রল বোমা, ককটেল দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করেন। এ ঘটনায় মো. সাজ্জাদ হোসেন (৪২) বাদী হয়ে ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে আকরামসহ অন্যান্যরা গ্রেফতার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক ছিলেন। আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মামলা দায়েরের পর থেকে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আসামি আকরামকে সদর উপজেলার দানাপাটুলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার আসামি আকরাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ মামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!