ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার লাঠির আঘাতে প্রাণ গেল ছেলের

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৬, ১২ অক্টোবর ২০২৪
বাবার লাঠির আঘাতে প্রাণ গেল ছেলের
কেন্দুয়া থানা -ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় বাবার লাঠির আঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে আঙ্গারোয়া গ্রামে শাহেদ মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫)। তিনি উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের শাহেদ মোড়লের ছেলে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সুমন মিয়া নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য বাবাকে প্রায়ই চাপ দিতেন তিনি। এসব নিয়ে বাবার সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়া হতো। বাবা শাহেদ মোড়লও এ নিয়ে ছেলের প্রতি ভীষণ বিরক্ত ছিলেন।

শুক্রবার সকালে মাদকের টাকার জন্য সুমন তার বাবাকে চাপ দেন। এ সময় টাকা না দেওয়ায় বাবার ওপর চড়াও হন তিনি। বাবা-ছেলের কথা-কাটাকাটির একপর্যায়ে শাহেদ মোড়ল লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন সুমন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইদিন রাতেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!