ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ: ২৪ ঘণ্টা পর মিলল বাবা-মেয়ের মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ: ২৪ ঘণ্টা পর মিলল বাবা-মেয়ের মরদেহ
ফাইল ফটো

মানিকগঞ্জে সাঁতার শিখতে গিয়ে ধলেশ্বরী নদীতে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত মহিদুর রহমান পেশায় ব্যবসায়ী ও মেয়ে রাফা বায়রা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ১১ বছর বয়সী মেয়ে রাফা আক্তারকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে নিয়ে যান বাবা মহিদুর রহমান। সাঁতার শেখার একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচাস্থল কাম নদীবন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু অনেক খোঁজার পরও তাদের পাওয়া যায়নি।

Advertisement

সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, গতকাল ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু কাল তাদের পাওয়া যায়নি। আজ সকাল থেকে আবার উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। সকালে বড় বরশি দিয়ে নদীর দুপাশে থেকে টানার একপর্যায়ে মেয়ে রাফার জামায় বরশি আটকে গেলে তাকে ওপরে তোলা হয়। এর ৫ থেকে ৬ হাত দূরে মহিদুরের মুখে বরশি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!