সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও কারখানা ভাঙচুর করার চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার (২২ সেপ্টেম্বর) সকালে মজুরি ন্যূনতম সাড়ে ১২ হাজার টাকা, হাজিরা বোনাস ৮০০ টাকা, সাধারণ ও বার্ষিক ছুটিসহ ১২ দফা দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। তবে বন্ধ ঘোষণার পরও আজ সকালে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সকাল ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করার চেষ্টা করেন।
.png)
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। কারখানার ভেতরে অবৈধভাবে প্রবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করা হয়। সেনাবাহিনীর সদস্যরা হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে শ্রমিকদের কারখানা এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত কয়েক দিনে শ্রমিক আন্দোলনে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার মাহমুদ ডেনিম ও বক্তারপুর এলাকার ইকু নিটসহ (সামহার) তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করছিলেন। এ জন্য সেনাবাহিনীর সদস্যরা তিনজনকে আটক করেছেন। শ্রমিকরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছিলেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।