পরবর্তীতে দুজনেরই অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে হালিম বেপারীর স্ত্রী দুলিছা বেগম বাদী হয়ে রুহুল আমীন শেখসহ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের হালিম বেপারীর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ রুহুল আমীন শেখের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে রুহুল আমীন শেখের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল হালিম বেপারীর বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায় এবং গরুর ফার্ম থেকে জোরপূর্বক গরু নেয়ার চেষ্টা চালায়।
.png)
এ সময় হামলাকারীদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে হালিমকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীদের হাত থেকে ভাইকে উদ্ধার করতে এলে ছোট ভাই মোয়াজ্জেল বেপারীকেও হামলাকারীরা কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করায়।
আহত হালিম বেপারীর স্ত্রী দুলিছা বেগম বলেন, দীঘদিন ধরে হামলাকারীরা আমাদেরকে ভয়-ভীতি দেখিয়ে ফার্ম থেকে গরু নেয়ার হুমকি দিয়ে আসছে। ওইদিন ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বসতঘর থেকে স্বর্ণালংকারসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। গোয়াল ঘর থেকে ১০-১২টি গরু নেয়ার চেষ্টা করে। বাধা দিলে দেবর ও স্বামীকে কুপিয়ে জখম করে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জমির বিরোধে হামলা ও মারপিটের একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।