ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকারি অর্থ পকেটে ভরলেন মহিলা বিষয়ক কর্মকর্তা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ১৮ সেপ্টেম্বর ২০২৪
সরকারি অর্থ পকেটে ভরলেন মহিলা বিষয়ক কর্মকর্তা
গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ভবন। ইনসেটে আফজাল হোসেন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে ২৮ লাখ টাকা আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া অন্যান্য খাত থেকে আরো এক কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষকদের বেতন ও ছাত্র-ছাত্রীদের নাস্তা বাবদ খরচের একটি অংশ কেটে নিয়ে নিজের কাছে রাখেন এই কর্মকর্তা। 

এদিকে, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এতে অংশ নেন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প ও আইসিভিজিডি প্রকল্পের অন্তত ৩০ ভুক্তভোগী। 

প্রকল্পের শিক্ষক রাবেয়া লিমা ও জেন্ডার প্রমোটার তানজিলা আফরিন বলেন, উনি কোথাও শূন্য পদ থাকলে তার পছন্দের লোকজনকে কিংবা টাকার বিনিময়ে সেই স্থানে নিয়োগ দেন। কিন্তু কোনো নিয়োগ পরীক্ষা হয় না। এভাবেই তিনি দুর্নীতি করে যাচ্ছেন। কিছুদিন আগে রাতে তিনি আমাদের অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এবং অফিসে যেতে বলেন কেউ না থাকলে। আমাদের গোসাইরহাটে এমন দুর্নীতিবাজ ও চরিত্রহীন কর্মকর্তা চাই না। আমরা দ্রুত সময়ের মধ্যে তার অপসারণ দাবি করছি।

Advertisement

তারা আরো বলেন, আফজাল স্যার বিভিন্ন প্রকল্পে প্রায় ২৮ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে নিয়েছেন। এছাড়াও স্বজন প্রীতি দেখিয়ে তার অফিসের এক কর্মচারীর তিনজন স্বজনকে তিনি প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন। তিনি আমাদের প্রকল্পের শিক্ষকদের ঠিকমতো বেতন দেন না। এছাড়া তিনি ছাত্র-ছাত্রীদের নাস্তা বাবদ যে টাকা ধরা হয়েছে তার থেকে কেটে রাখেন। আমরা এ বিষয়ে তাকে কিছু বলতে গেলেই বাজে আচরণ করেন। আমরা তার অপসারণ চাই।

তবে অভিযুক্ত গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন বলেন, আমি ছুটিতে রয়েছি। অনেক কথা মোবাইলে বলা যাবে না। একদিন অফিসে আসলে বিস্তারিত বলব। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!