রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ, সাকিবুর রহমান (৩৫) ও রহিজ শেখ (২৪)। তবে এখনো একজনের পরিচয় জানা যায়নি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা।
তিনি বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এলে অপর পাশ থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটির সামনের অংশ। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ থেকে ২৫ জন।
ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।